সাজ্জাদুর রহমান; নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে পাকমঞ্জিল মুহাম্মাদিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পীরজাদা অধম আজিজুল হক হুজুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৮ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে মাদ্রাসাসংলগ্ন নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৯০ বছর।
মরহুম অধম আজিজুল হক পিরোজপুরের নাজিরপুর উপজেলার বুইছাকাঠি (হোসেনপুর) গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর পিতার নাম মরহুম পীর মাওলানা তোফাজ্জল হোসেন। তিনি পাকমঞ্জিল মুহাম্মাদিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠার মাধ্যমে এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ছেলে শেখ তারিপ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, পীরজাদা অধম আজিজুল হক হুজুরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসান খান এবং নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ ও সাধারণ সম্পাদক এস. এম. সিপার।
পৃথক বার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তাঁর মৃত্যুতে এলাকার ধর্মীয় ও সামাজিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে উল্লেখ করেন।
