সোমবার | নভেম্বর ৩০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা ‎কদমতলীতে প্রকাশ্যে মব তৈরি করে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

‎কদমতলীতে প্রকাশ্যে মব তৈরি করে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কদমতলীতে মব সৃষ্টি করে হাফেজ নুরে আলম নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক সহযোগী সংগঠনের নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। গত শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কদমতলীর ৫৮ নম্বর ওয়ার্ডের নামা শ্যামপুর জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে কদমতলী থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে।

‎
‎জানা যায়, ভুক্তভোগী হাফেজ নুরে আলম নামা শ্যামপুর জামতলা এলাকার শামসুল হকের ছেলে। তিনি পেশায় একজন মসজিদের ইমাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন’র কদমতলী শাখার অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
‎
‎ঘটনার বিষয়ে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদ জানান, মব সৃষ্টির খবর পেয়ে ডিউটিতে থাকার সময় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিএনপিপন্থী একদল লোকের কাছ থেকে হাফেজ নুরে আলমকে আহত অবস্থায় উদ্ধার করে। যারা তাকে ঘিরে ধরেছিল তারা নুরে আলমকে যুবলীগ নেতা হিসেবে চিহ্নিত করে আটক করার দাবি জানিয়েছিল।
‎
‎তবে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা এই অভিযোগ নাকচ করে দিয়ে হামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসার দাবি করেছেন। জামায়াত নেতা বেলাল অভিযোগ করেন, কদমতলী থানা যুবদলের নেতা হেলুর নেতৃত্বে ২০ থেকে ৩০ জন ব্যক্তি নুরে আলমকে বাসা থেকে ডেকে নিয়ে মব তৈরি করে মারধর শুরু করে। এমনকি পুলিশের উপস্থিতিতেও হামলাকারীরা বেপরোয়া আচরণ করে এবং পুনরায় তাকে মারধরের চেষ্টা চালায়।
‎
‎জামায়াত নেতা বেলাল আরো জানান, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা সৈয়দ জয়নুল আবেদীনের পক্ষে জাতীয় নির্বাচনে প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেওয়ায় স্থানীয় যুবদল নেতাকর্মীরা নুরে আলমের ওপর ক্ষিপ্ত ছিলেন। এর জের ধরেই পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হাফেজ নুরে আলমের দ্রুত মুক্তি ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
‎
‎অন্যদিকে, হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা হেলু বা স্থানীয় বিএনপি নেতাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
‎
‎

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা