শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ যমুনায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু, ৫ ঘণ্টা পর উদ্ধার লাশ

যমুনায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু, ৫ ঘণ্টা পর উদ্ধার লাশ

সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর এলাকার সানসেট পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে মো. ইসমাইল (১০) এবং একই গ্রামের শামীম মিয়ার ছেলে মো. ওসমান (৮)। তারা স্থানীয় দুটি নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, দুপুরের দিকে কয়েকজন শিশু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় হঠাৎ স্রোতের তোড়ে ইসমাইল ও ওসমান পানিতে তলিয়ে যায়। ইসমাইলের জমজ ভাই ইব্রাহিম তাদের উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়ে দ্রুত বাড়িতে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেয়। দীর্ঘ অনুসন্ধানের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইসমাইল এবং রাত ৭টার দিকে ওসমানের মরদেহ উদ্ধার করা হয়।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, উদ্ধার অভিযান শেষে দুই শিশুর মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা