গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দের জেরে যুবদল নেতা মুকুলের ছুরিকাঘাতে শিবির নেতা সাইফুল্লাহ বারি (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বিকেলে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) পবিত্র কুমার জনতাকে জানান, উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে স্থানীয় যুবক আশরাফ, পলাশ,রবিউল ও বোনারপাড়া যুবদলের সভাপতি মুকুল চার মাথা সংলগ্ন উপজেলার দক্ষিণ গেটে ধারালো ছুরি দিয়ে সাইফুল্লাহকে আঘাত করে। এসময় গুরুতর আহত সাইফুল্লাহকে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুল্লাহ বারী সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি এবং শিমুলতাইড় গ্রামের জামে মসজিদের মুয়াজ্জিন হাবিবুর রহমানের ছেলে।
সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ আলী বলেন, ‘এ ধরনের ঘটনা অত্যন্ত দু:খজনক। বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুলকে দল থেকে বহিষ্কার করা হবে।’
গাইবান্ধা ইসলামি ছাত্র শিবিরের সাবেক সভাপতি ফেরদাউস সরকার রুম্মন বলেন, ‘সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি পদে দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত। আমরা দ্রুত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
