শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভালুকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, মিল গেইটে পুলিশ মোতায়েন

ভালুকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, মিল গেইটে পুলিশ মোতায়েন

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় একটি শিল্পপ্রতিষ্ঠানের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে ফের উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার প্রধান গেইটে পুলিশ মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন।
২৫ জুন বৃহস্পতিবার উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত এসকিউ কারখানার সামনে দিনব্যাপী এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, প্রতিপক্ষকে ভয়ভীতি প্রদর্শন এবং নিজেদের অবস্থান জানান দিতে এক পক্ষের নেতাকর্মীরা লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যে কোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিতে পারে।
পরিস্থিতি অবনতির সম্ভাবনা দেখা দিলে স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসকিউ কারখানার গেইটসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ সদস্যরা সার্বক্ষণিক নজরদারি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো পক্ষ আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও কোনো সংঘর্ষ বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা