শাহাব উদ্দিন আহমদ: দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে সংগঠনটিতে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক)। সোমবার (১৩ জুলাই) মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী সংগঠনটির বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে সরকারের অনুমোদনক্রমে অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) প্রশাসক নিয়োগ করা হয়েছে। নিয়োগ পাওয়া প্রশাসককে ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে এবং বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।
আদেশে পর্ষদ বাতিলের একাধিক কারণ উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন হলেও সংগঠনটির ২০২৬-২০২৭ পরিচালনা পর্ষদের নির্বাচন বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ অনুযায়ী অনুষ্ঠিত হয়নি। এ ছাড়া সংগঠনটিতে প্রশাসক নিয়োগের বিষয়ে এফবিসিসিআইয়ের সালিসি ট্রাইব্যুনালের একটি রায় (মামলা নম্বর ১৯/২০২৫) রয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়।
আদেশে আরও বলা হয়, সংগঠনটিতে চলমান অস্থিরতা ও অসন্তোষ দূর করে বাণিজ্য সংগঠন আইন, ২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ এবং সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী কার্যক্রম পরিচালিত হওয়া আবশ্যক। এসব বিবেচনায় আইনের ১৭ ধারার ক্ষমতাবলে পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
আদেশে স্বাক্ষর করেন বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (প্রতিকল্প) আয়েশা আক্তার। আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক, এফবিসিসিআইয়ের প্রশাসক, মৌলভীবাজারের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অফিস সচিবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বিভিন্ন চেম্বার ও বাণিজ্য সংগঠনের পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ করে আসছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিটি ক্ষেত্রে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর সংশ্লিষ্ট ধারার আওতায় নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়। মৌলভীবাজার চেম্বারের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হলো।
