নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও জনপ্রিয় করতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া BANGLA QR ব্যবহারে উৎসাহ দিতে বিল পরিশোধ করেছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সঞ্চিয়া বিনতে আলী।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) রাজধানীর মতিঝিলে অবস্থিত সুপরিচিত ফাস্ট ফুড প্রতিষ্ঠান ফ্যামিলি মার্ট-এ তিনি BANGLA QR স্ক্যান করে নিজের বিল পরিশোধ করেন।
‘এক দেশ, এক QR; লেনদেনে BANGLA QR’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ডিজিটাল লেনদেন কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম ও মোহা. খালেদুজ্জামান, মহাব্যবস্থাপক (প্রশাসন) আবু সাঈদ মো. রওশানুল হক, মানবসম্পদ বিভাগের প্রধান ডি এম ডি জাহিদ হোসেন সহ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
ব্যাংক সূত্র জানায়, BANGLA QR-এর ব্যবহার বাড়ানোর মাধ্যমে নগদবিহীন, দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
