শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ গ্রামবাসীর হস্তক্ষেপে বাঁচল প্রাণ: হাইল হাওর থেকে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

গ্রামবাসীর হস্তক্ষেপে বাঁচল প্রাণ: হাইল হাওর থেকে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

শাহাব উদ্দিন আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওর থেকে প্রায় ১৪ ফুট লম্বা ও ১৯ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

রোববার (২ আগস্ট) সকালে ধান রোপণের জন্য জমি পরিষ্কার করার সময় স্থানীয় কৃষকেরা সাপটি দেখতে পান। এত বড় অজগর দেখে হাওরপাড়ে ভিড় জমে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, সাপটি উদ্ধারের জন্য প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তা সম্ভব হয়নি। একপর্যায়ে কয়েকজন সাপটিকে মেরে ফেলতে উদ্যত হন। এ সময় স্থানীয় বাসিন্দা মুহিবুর রহমান বাধা দিয়ে সাপটি না মারার আহ্বান জানান এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে সেটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

পরিবেশকর্মী রাজদীপ দেব জানান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ১৪ ফুট এবং ওজন প্রায় ১৯ কেজি। সাপটি সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।

শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে অজগরটিকে উপযুক্ত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।’

উল্লেখ্য, অজগর নির্বিষ সাপ। ইঁদুরসহ ফসলের ক্ষতিকর প্রাণী খেয়ে এটি প্রকৃতির ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। বন্যপ্রাণী সংরক্ষণসংক্রান্ত আইনে অজগর একটি সংরক্ষিত প্রাণী হিসেবে স্বীকৃত; একে হত্যা করা দণ্ডনীয় অপরাধ। লোকালয়ে অজগরসহ কোনো বন্যপ্রাণীর দেখা মিললে তা না মেরে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকর্মীদের খবর দেওয়ার অনুরোধ জানিয়েছেন পরিবেশকর্মীরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা