শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ আশুলিয়ায় ভুয়া পরিচয়ধারী শুভ জামিনে মুক্ত হয়ে সাংবাদিকদের হুমকি, থানায় ৩ জিডি

আশুলিয়ায় ভুয়া পরিচয়ধারী শুভ জামিনে মুক্ত হয়ে সাংবাদিকদের হুমকি, থানায় ৩ জিডি

জাহাঙ্গীর আলম রাজু, আশুলিয়া প্রতিনিধি: সাংবাদিক,রাজনীতিবীদ ও প্রভাবশালী ব্যক্তিদের নাম ভাঙিয়ে এতদিন এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন তিনি। কিছুদিন আগে পুলিশি অভিযানে গ্রেপ্তার হলেও আদালত থেকে জামিনে মুক্ত হয়েই এবার মুখ খোলা সাংবাদিকদের ওপর চড়াও হয়েছেন। প্রাণনাশসহ নানা ধরনের হুমকির অভিযোগে তার বিরুদ্ধে আবারও আশুলিয়া থানায় তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম এস কে শফিকুল ইসলাম (শুভ)। এর আগে গত ৩১ জুলাই ২০২৬ তারিখে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার ফকির বাড়ির একটি রিকশার গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।

স্থানীয়দের অভিযোগ,শুভ দীর্ঘদিন ধরে এলাকায় নিজেকে কখনো ‘সাংবাদিক’, আবার কখনো ‘গণঅধিকার পরিষদের নেতা’ বা ‘সংসদ সদস্য (এমপি) প্রার্থী’ হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ছবি ও সখ্যতার ভয় দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করা,ভয়ভীতি প্রদর্শন এবং নানা অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভয়ের কারণে অতীতে স্থানীয়দের কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি। তবে এসব অভিযোগের বিষয়ে গ্রেপ্তার হওয়ার আগে শফিকুল ইসলাম শুভ দাবি করেছিলেন,”আমি ৬৪ জেলার স্পেশাল সাংবাদিক এবং গণঅধিকার পরিষদের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর আসন থেকে এমপি প্রার্থী ছিলাম। আমাকে যারা ভুয়া বলে,তারা নিজেরাই ভুয়া।”

সাম্প্রতিক ঘটনাবলির পর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়,গ্রেপ্তারের সময়ও তিনি নিজেকে একটি সাংবাদিক সংগঠনের সাথে সম্পৃক্ত এবং গণঅধিকার পরিষদের নেতা হিসেবে পরিচয় দেন। তবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে তার বর্তমান কোনো সাংগঠনিক পদের বিষয়ে আনুষ্ঠানিক সমর্থন বা সত্যতা পাওয়া যায়নি।

উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম এর জানতে চাইলে
তিনি বলেন,নির্দিষ্ট একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলোর বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।

গ্রেপ্তারের পর এলাকা জুড়ে স্বস্তি ফিরলেও এবং স্থানীয়রা যখন নিরপেক্ষ তদন্তের দাবি তুলছিলেন, ঠিক তখনই আদালত থেকে জামিনে বেরিয়ে এসে নতুন বিতর্কের জন্ম দেন শুভ। অভিযোগ উঠেছে, তার বিষয়ে সংবাদ প্রকাশ এবং মুখ খোলার কারণে স্থানীয় সাংবাদিকদের তিনি বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছেন। পরিস্থিতি বেগতিক দেখে ভুক্তভোগী সাংবাদিকরা নিরাপত্তার স্বার্থে আশুলিয়া থানায় আরও তিনটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করেছেন। জামিনে বের হওয়ার পর তার এই আগ্রাসী আচরণ ও নতুন করে হুমকির ঘটনায় এলাকা বাসি ও সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা