শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুমে এএসআইয়ের মৃত্যু

উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুমে এএসআইয়ের মৃত্যু

রিয়াজ উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধীন ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে রুবেল হোসেন (৩১) নামে এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে নিয়মিত রোলকলে অনুপস্থিত থাকার পর শনিবার ভোরে ওয়াশরুমের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ও ক্যাম্পের সদস্যরা।

নিহত রুবেল হোসেন এএসআই (সশস্ত্র) হিসেবে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ক্যাম্পে নিয়মিত রোলকল অনুষ্ঠিত হয়। এ সময় রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। পরে ক্যাম্পের সদস্যরা তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

দীর্ঘ সময় ধরে তার সন্ধান না মেলায় শনিবার ভোরে ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে আবারও খোঁজ নেন। একপর্যায়ে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে যাওয়ার সময় ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিয়ে কোনো সাড়া না পেয়ে তিনি জানালা দিয়ে ভেতরে তাকান। এ সময় মেঝেতে একজনকে পড়ে থাকতে দেখেন তিনি।

পরে ক্যাম্পের অন্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জানালা দিয়ে রুবেল হোসেনকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উখিয়া থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

শনিবার (৮ আগস্ট) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে ওয়াশরুমের লোহার দরজা কেটে রুবেল হোসেনকে বাইরে বের করে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চ লাইট ও সিগারেট উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, শুক্রবার বিকেলের রোলকলে এএসআই রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর ক্যাম্পের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেন এবং মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি।

ওসি বলেন, শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে ভেতরে রুবেল হোসেনকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা কেটে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

প্রাথমিকভাবে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে জানিয়ে ওসি আতিকুর রহমান বলেন, “তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও আইনগত তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।”

পুলিশ জানিয়েছে, এএসআই রুবেল হোসেনের মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে সহকর্মীর আকস্মিক মৃত্যুতে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা