বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশময়মনসিংহ ভালুকায় অপহরণের ৪৮ ঘণ্টা পরও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

ভালুকায় অপহরণের ৪৮ ঘণ্টা পরও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় স্কুলছাত্রী মাহিয়া সুলতানা কলি (১৪) অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে ওই ছাত্রীর পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মনোহরপুর গ্রামের মো. শরাফুল ইসলামের মেয়ে মাহিয়া সুলতানা কলি একই ইউনিয়নের জামিরদিয়া হোসেন আলী একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী। গত ১১ আগস্ট প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে স্কুলে যায় সে।

অভিযোগে বলা হয়, ওই দিন দুপুর আনুমানিক ২টার দিকে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার জন্য বের হলে আগে থেকে উৎ পেতে থাকা একই এলাকার নাজমুল হকের ছেলে মো. বাপ্পি মিয়া (১৭), আরও চার সহযোগীকে নিয়ে তাকে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরে বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কলির সন্ধান পাননি। এ ঘটনায় তার বাবা শরাফুল ইসলাম বাদী হয়ে গত ১২ আগস্ট সকালে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ৪৮ ঘণ্টা পার হলেও স্কুলছাত্রী কলিকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। দ্রুত কলিকে উদ্ধার করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবার।
এ বিষয়ে ভালুকা মডেল থানার উপ পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, আমরা খুব তাড়াতাড়ি মেয়েটিকে খুঁজে বের করতে সক্ষম হবো।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা