শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ ভ্রমণ প্রকৃতির অপার সৌন্দর্যে রাঙামাটি পর্যটকদের হাতছানি দিচ্ছে পাহাড়, লেক ও ঝরনা

প্রকৃতির অপার সৌন্দর্যে রাঙামাটি পর্যটকদের হাতছানি দিচ্ছে পাহাড়, লেক ও ঝরনা

মো নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি: পাহাড়, নদী, লেক, ঝরনা আর সবুজের অপরূপ সমারোহে সাজানো বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন জেলা রাঙামাটি। প্রকৃতির কাছাকাছি গিয়ে কিছুটা সময় প্রশান্তিতে কাটাতে চান এমন পর্যটকদের জন্য রাঙামাটি হতে পারে দারুণ একটি গন্তব্য। কাপ্তাই লেকের জলরাশি, সবুজ পাহাড়, মেঘের আনাগোনা আর ঝরনার কলতানে এখানে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে আনন্দময় ও স্মরণীয়।

রাঙামাটির অন্যতম প্রধান আকর্ষণ ঝুলন্ত ব্রিজ। কাপ্তাই হ্রদের স্বচ্ছ মিষ্টি পানির ওপর নির্মিত এই সেতু পর্যটকদের কাছে দীর্ঘদিন ধরেই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেতুর ওপর দাঁড়িয়ে একদিকে পাহাড়, অন্যদিকে বিশাল জলরাশির দৃশ্য উপভোগ করা যায়।

শুধু ঝুলন্ত ব্রিজ নয়, পর্যটকদের জন্য রয়েছে পলওয়েল পার্ক, আরণ্যক, শুভলং ঝরনা, ঘাগড়া ঝরনা, লেক ভিউসহ আরও নানা দর্শনীয় স্থান। পাহাড়ি প্রকৃতির সৌন্দর্য, কাপ্তাই হ্রদের বিশাল জলরাশি এবং ঝরনার শীতল পানির মেলবন্ধন রাঙামাটিকে দিয়েছে অনন্য বৈচিত্র্য।

বিশেষ করে শুভলং ঝরনা রাঙামাটির অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। নৌপথে কাপ্তাই হ্রদের বুক চিরে শুভলং যাওয়ার পথটিও যেন আলাদা এক ভ্রমণ অভিজ্ঞতা। দুই পাশে সবুজ পাহাড় আর মাঝখানে মিষ্টি জলরাশি প্রকৃতির এমন দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। বর্ষা মৌসুমে ঝরনায় পানির প্রবাহ বাড়লে শুভলংয়ের সৌন্দর্য আরও কয়েকগুণ বেড়ে যায়।

অন্যদিকে ঘাগড়া ঝরনা ও আশপাশের পাহাড়ি এলাকা প্রকৃতিপ্রেমীদের জন্য হতে পারে চমৎকার একটি গন্তব্য। ঝরনার পানির শব্দ, পাহাড়ি সবুজ আর নির্মল পরিবেশ শহরের ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় দূরে থাকার সুযোগ করে দেয়।

পর্যটকদের থাকা ও বিশ্রামের জন্য রাঙামাটিতে রয়েছে ছোট-বড় মিলিয়ে প্রায় ২২ থেকে ২৫টি কটেজ, যেখানে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে স্বাচ্ছন্দ্যে সময় কাটানোর সুযোগ রয়েছে। লেক ভিউসহ বিভিন্ন কটেজ থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি রাতের নিরিবিলি পরিবেশও পর্যটকদের ভ্রমণকে আরও আনন্দময় করে তুলতে পারে।

পর্যটকদের নিরাপত্তা ও সেবার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। পলওয়েল পার্কে কোনো পর্যটক অসুস্থ হয়ে পড়লে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটকদের জন্য এটি বাড়তি স্বস্তির বিষয়।

রাঙামাটির আরেকটি বড় আকর্ষণ কাপ্তাই হ্রদ। নৌকায় করে হ্রদের বিশাল জলরাশি ঘুরে দেখা, পাহাড়ের গায়ে মেঘের খেলা উপভোগ করা এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি করা সব মিলিয়ে রাঙামাটি ভ্রমণ হয়ে উঠতে পারে দারুণ এক অভিজ্ঞতা।

শহরের কোলাহল থেকে দূরে কয়েকটি দিন প্রকৃতির সান্নিধ্যে কাটাতে চাইলে রাঙামাটি হতে পারে আপনার নিরিবিলি ভ্রমণের গন্তব্য। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের নিয়ে পাহাড়-লেক-ঝরনার সৌন্দর্য উপভোগ করতে চলে আসতে পারেন রূপের রানি রাঙামাটিতে।
ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করে মনকে সতেজ করতে পরিবার পরিজন ও প্রিয়জনদের নিয়ে ঘুরে আসুন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতে। পাহাড়, লেক ও ঝরনার সৌন্দর্যে আপনার রাঙামাটি ভ্রমণ হয়ে উঠতে পারে স্মরণীয় ও আনন্দময়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা