শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শিশুকে বাঁচাতে গিয়ে পুলিশের গাড়ি উল্টে এক পুলিশ সদস্য নিহত, আহত-১০

শিশুকে বাঁচাতে গিয়ে পুলিশের গাড়ি উল্টে এক পুলিশ সদস্য নিহত, আহত-১০

শাখাওয়াত হোসেন মোল্লা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরে পুলিশের একটি গাড়ি এক শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে শিবচর উপজেলার ভদ্রাসন পুলিশ ফাঁড়ির আবদুস সালাম (৪০) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুস সালাম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পশ্চিমচর করমশি গ্রামের আবদুল বারেক ভূইয়ার ছেলে। তিনি মাদারীপুরের শিবচর থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বিকেলে শিবচর থানার একটি পুলিশবাহী পিকআপ ভ্যান মাদারীপুর আদালতে আসামি পৌঁছে দিয়ে ফিরছিল। পথে সদর উপজেলার পখিরা এলাকায় সাত বছর বয়সী শিশু ইমা আক্তার ও তার বাবা ইব্রাহিম সরদারকে (৩০) সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই গাড়ির নিচে চাপা পড়ে পুলিশ সদস্য আবদুস সালাম নিহত হন।

দুর্ঘটনায় চার পুলিশ সদস্য এবং ইমা ও তার বাবাসহ আরও ১০ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আহত চার পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন,প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি, একটি শিশু ও তার বাবাকে বাঁচাতে গিয়ে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন, এবং ১০ জন আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা