লক্ষ্মীপুর প্রতিনিধি: বৃহত্তর নোয়াখালীর মানুষের জীবন-জীবিকা, সম্ভাবনা, সমস্যা ও উন্নয়নচিত্র আরও গুরুত্বের সঙ্গে জাতীয় পর্যায়ে তুলে ধরার প্রত্যয় নিয়ে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃহত্তর নোয়াখালী আঞ্চলিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার লক্ষ্মীপুর প্রেসক্লাবে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার দৈনিক জনতার কর্মরত প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনতার মফস্বল ইনচার্জ জাহাঙ্গীর খান বাবু। সভাপতিত্ব করেন দৈনিক জনতার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি গাজী গিয়াস উদ্দিন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন বলেন, মফস্বল সাংবাদিকরা নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে তৃণমূলের মানুষের কথা ও গুরুত্বপূর্ণ সংবাদ গণমাধ্যমে তুলে আনছেন। দেশের গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলায় জেলা ও উপজেলা প্রতিনিধিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, এতদিন মফস্বল সাংবাদিকরা ওয়েজ বোর্ডের ক্ষেত্রে অনেকটা বঞ্চিত ছিলেন। বর্তমানে মফস্বল সাংবাদিকদেরও ওয়েজ বোর্ডের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকেও প্রস্তাবনা তুলে ধরা হচ্ছে।
ওবায়দুর রহমান শাহীন বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় উপজেলা প্রতিনিধিরা পিছিয়ে নেই। এখন উপজেলা পর্যায়ের সংবাদও গুরুত্ব সহকারে গণমাধ্যমে তুলে ধরা হচ্ছে। দেশে নতুন নতুন সংবাদমাধ্যম গড়ে উঠছে। ফলে মফস্বল সাংবাদিকদের জন্য কাজের ক্ষেত্র যেমন বাড়ছে, তেমনি দায়িত্বও বাড়ছে। পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করার জন্য তিনি প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক জনতার মফস্বল ইনচার্জ জাহাঙ্গীর খান বাবু প্রতিনিধিদের সংবাদ সংগ্রহের কৌশল, তথ্য যাচাই, অনুসন্ধানী ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ তৈরি এবং বিজ্ঞাপন সংগ্রহের কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ কর্মশালায় জাহাঙ্গীর খান বাবু বলেন, মফস্বল সাংবাদিকরাই দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা সবচেয়ে কাছ থেকে তুলে ধরেন। তাই শুধু ঘটনা তুলে ধরাই নয়, ঘটনার পেছনের কারণ, মানুষের দুর্ভোগ, সম্ভাবনা, প্রশাসনিক উদ্যোগ এবং জনস্বার্থের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সংবাদ তৈরি করতে হবে। তিনি বৃহত্তর নোয়াখালীর উপকূলীয় অঞ্চল, নদীভাঙন, জলাবদ্ধতা, কৃষি, মৎস্য, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোসহ স্থানীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়মিত ও তথ্যভিত্তিকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি ভালো মফস্বল সংবাদ শুধু স্থানীয় মানুষের কাছে নয়, জাতীয় পর্যায়েও প্রভাব ফেলতে পারে। এজন্য প্রতিনিধিদের ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ, একাধিক সূত্রে তথ্য যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ এবং সংবাদকে পাঠকবান্ধব করার বিষয়ে আরও দক্ষ হতে হবে। বিজ্ঞাপন সংগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, সংবাদ সংগ্রহের পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিতেও প্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে। স্থানীয় ব্যবসায়ী, শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের সঙ্গে পেশাদার সম্পর্ক গড়ে তুলে দৈনিক জনতার বিজ্ঞাপন কার্যক্রমকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। সম্মেলনে মফস্বল সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধিত্ব এবং রাজধানীর বাইরে থেকে গুরুত্বপূর্ণ সংবাদ জাতীয় পাঠকের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার কৌশল নিয়েও আলোচনা হয়। বক্তব্য রাখেন দৈনিক জনতার ফেনী জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মফিজুর রহমান এবং নোয়াখালী প্রতিনিধি আব্দুর রহিম।
এ সময় রামগতি প্রতিনিধি রেজাউল হক, কমলনগর প্রতিনিধি মো. ছাইফ উল্লাহ হেলাল, বেগমগঞ্জ প্রতিনিধি প্রদীপ কুমার, রামগড় প্রতিনিধি ফারুক পাটোয়ারী, দাগনভূঞা প্রতিনিধি রতনচন্দ্র শীল, সুবর্ণচর প্রতিনিধি রাশেদুল ইসলাম, চন্দ্রগঞ্জ প্রতিনিধি নাজমুস সাকিব, রায়পুর প্রতিনিধি মোবারক হোসাইন, চাটখিল প্রতিনিধি ওমর ফারুক, বিএম সাগরসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে দৈনিক জনতার লক্ষ্মীপুর প্রতিনিধি গাজী গিয়াস উদ্দিনকে সিনিয়র রিপোর্টার হিসেবে পদোন্নতির ঘোষণা দেন দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন। এ সময় তিনি মফস্বল সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা করে আরও দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
বৃহত্তর নোয়াখালী প্রতিনিধি সম্মেলন উপলক্ষে দৈনিক জনতার পক্ষ থেকে একটি বিশেষ এডিশন প্রকাশ করা হয়। এতে বৃহত্তর নোয়াখালীর ইতিহাস-ঐতিহ্য, সম্ভাবনা, উপকূলীয় জনপদের জীবনযাত্রা, নদীভাঙনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিনিধিদের বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়। সম্মেলনে প্রতিনিধিরা নিজ নিজ এলাকার সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনে বৃহত্তর নোয়াখালীর আরও বেশি গুরুত্বপূর্ণ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ নিয়মিতভাবে দৈনিক জনতার পাতায় তুলে ধরার বিষয়ে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। প্রতিনিধিদের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলন বৃহত্তর নোয়াখালী অঞ্চলে দৈনিক জনতার সংবাদ কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
৯৯
