আশুলিয়া থেকে জাহাঙ্গীর আলম রাজু : আশুলিয়ায় নয় বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে সেলিম মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম। এসময় তিনি বলেন গত ১৯ সেপ্টেম্বর আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু নরসিংহপুর দারুস সালাম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়,ঘটনার দিন শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে এবং হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে শিশুটি বিষয়টি তার বাবা-মাকে জানালে তারা আশুলিয়া থানায় গিয়ে অভিযোগ করেন। এ ঘটনায় ওই রাতেই আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর অভিযুক্ত সেলিম মিয়াকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
