বৃহস্পতিবার | সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার

সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার

সাভার থেকে ফাহাদ-ই-আজম : ঢাকার সাভারে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাভার মডেল থানার পশ্চিম রাজাশন পালোয়ান পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. হোসেন (২২), পিয়াল (২২) ও ইমন (২৪)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি দল পশ্চিম রাজাশন পালোয়ান পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ওমর পালোয়ানের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষ থেকে তিন যুবককে আটক করা হয়।

পরে তাঁদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে এসআই আব্দুর রহমান ভূঁইয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) নেছার ও এএসআই কামাল বাশারসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা