বুধবার | নভেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা সাভার ও আশুলিয়ায় ২২ কারখানা বন্ধ, বাকিগুলোতে উৎপাদন স্বাভাবিক

সাভার ও আশুলিয়ায় ২২ কারখানা বন্ধ, বাকিগুলোতে উৎপাদন স্বাভাবিক

আশুলিয়া প্রতিনিধি: সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে প্রায় সব পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে শ্রম আইনের ১৩ (১) ধারা ও সাধারণ ছুটির কারণে আজ বুধবার (১৮ নভেম্বর) শিল্পাঞ্চলের অন্তত ২২টি কারখানা বন্ধ রয়েছে।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকেই সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় নির্ধারিত সময়ে কাজে যোগ দেন পোশাক শ্রমিকরা। ফলে অধিকাংশ কারখানায় পুরোদমে উৎপাদন শুরু হয়। তবে সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় শ্রমিকরা মহাসড়কে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বুঝিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এরপর ওই এলাকার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।

শিল্প পুলিশ-১-এর তথ্যমতে, আজ সাভার ও আশুলিয়া মিলিয়ে মোট ২২টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩-এর ১ ধারায় (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অন্যান্য অভ্যন্তরীণ কারণে বাকি কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্ধ থাকা এই কারখানাগুলো বাদে শিল্পাঞ্চলের অন্য সব প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ ও স্বাভাবিক কর্মপরিবেশ বিরাজ করছে।

এদিকে, শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা এড়াতে কারখানাগুলোর সামনে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো এলাকা জুড়ে জোরদার করা হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।

সার্বিক পরিস্থিতির বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ (ঢাকা)-এর পুলিশ সুপার (এসপি) মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বন্ধ থাকা ২২টি কারখানা ব্যতীত সাভার ও আশুলিয়ার সব কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা