স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযানে হাসিবুর (২৪) ও হারুন (৩০) নামে দুই দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ নিয়ে সেপ্টেম্বর মাসে মিরপুর বিআরটিএ কার্যালয়ে আনসার সদস্যদের অভিযানে মোট ৩৫ জন দালাল আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে মিরপুর বিআরটিএ কার্যালয়ের ভেতরে এ অভিযান পরিচালনা করা হয়। সেবাগ্রহীতাদের গাড়িসংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত করে দেওয়ার আশ্বাস ও প্রলোভন দেখিয়ে অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণের সময় তাদের কার্যক্রম কর্তব্যরত আনসার সদস্যদের নজরে আসে।
পরে বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামানের উপস্থিতিতে গার্ড ইনচার্জ পিসি মোঃ মফিজ উদ্দিন ও এপিসি আল মিজানের নেতৃত্বে কর্তব্যরত আনসার সদস্যরা দালালবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের হাতেনাতে আটক করা হয়। অভিযানে আনসার সদস্য আব্দুল হাই, নয়ন চন্দ্র, রাজু ও রোকনুজ্জামান দায়িত্ব পালন করেন।
অভিযান শেষে বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান আটক হাসিবুরকে দুই মাসের এবং হারুনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কাফরুল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
সেপ্টেম্বর মাসজুড়ে মিরপুর বিআরটিএ কার্যালয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের ধারাবাহিক দালালবিরোধী অভিযানে এ নিয়ে মোট ৩৫ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানাসহ বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
দালালমুক্ত পরিবেশে সাধারণ মানুষকে নির্বিঘ্নে সরকারি সেবা পেতে সহায়তা করতে মিরপুর বিআরটিএ কার্যালয়ে অঙ্গীভূত আনসার সদস্যদের নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে। সরকারি সেবাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং সেবাগ্রহীতাদের স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছে।
