বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) থেকে মো. কেফাইতুল ভুঁইয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার থেকে শুরু হওয়া এ সংঘর্ষ রোববার সকালেও গড়ায়। প্রায় তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আক্তার ও বকুল গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় বাজারে আক্তার গ্রুপের এনাম ও বকুল গ্রুপের রুবেলের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাড়িতে ফিরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় উভয় পক্ষের কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। এরই ধারাবাহিকতায় রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের লোকজন। সকাল ১০টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সংঘর্ষের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় ও উপজেলা বিএনপির নেতাকর্মীরাও ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
