সোমবার | সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভূরুঙ্গামারীতে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের পর করা হলো বহিষ্কার

ভূরুঙ্গামারীতে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের পর করা হলো বহিষ্কার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকে মোখলেছুর রহমান লিটন : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী শাখা থেকে একজন পদত্যাগ করেছেন। অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করা ব্যক্তিকে পরে বহিষ্কার করা হয়েছে। পদত্যাগ করা ব্যক্তির নাম মাইদুল ইসলাম।

গত রোববার মাইদুল ইসলাম তার ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে উল্লেখ করা হয় নীতিগত ও আদর্শিক কারণে তিনি স্বেচ্ছায় বাংলাদেশ প্রেসক্লাব থেকে পদত্যাগ করছেন।

পদত্যাগের ওই পোস্টে উল্লেখ করা হয়, সংগঠনের কমিটি অনুমোদন জন্য টাকা চাওয়া হয়েছে। এছাড়া রংপুরে সম্মেলন করার জন্য বিভিন্ন ব্যক্তিমালিকানা ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে অর্থ নেয়া হয়েছে। এসব কর্মকাণ্ড আদর্শের পরিপন্থী। শুভাকাঙ্খীদের পরামর্শে স্বেচ্ছায় বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগের পর সংগঠনিক বিষয়ে তার সম্পৃক্ততা থাকবে না। সংগঠনের ব্যানার, পোস্টার ও প্রচারণায় তার নাম ও ছবি ব্যবহার করা যাবে না।

অপরদিকে সোমবার বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে মাইদুল ইসলামকে বহিষ্কারের নোটিশ প্রদান করা হয়।

বহিষ্কার নোটিশে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী শাখার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) কতিপয় অভিযোগ উত্থাপন করেছেন যা সংগঠনের গঠনতন্ত্র ও সাধারণ আচরণবিধির চরম লঙ্ঘন। এতে ক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে ক্লাবের সকল পদ থেকে বহিষ্কার করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা