মঙ্গলবার | সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চা আড্ডার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড, স্থাপনা সরিয়ে দিল প্রশাসন

চা আড্ডার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড, স্থাপনা সরিয়ে দিল প্রশাসন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকে মোখলেছুর রহমান : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চা-কফির আড্ডার আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে একটি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে স্থাপনাটি পুড়িয়ে দেওয়া হয়।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয়দের অভিযোগের পর ওই চা আড্ডাকেন্দ্রটি প্রশাসনের নজরে আসে। সেখানে গভীর রাত পর্যন্ত তরুণ-তরুণীদের আড্ডা, উচ্চ শব্দে গান-বাজনাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগ পাওয়া যায়।

স্থানীয়দের অভিযোগ, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ওই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। পাশাপাশি সেখানে মাদকসেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও ওঠে।

অভিযোগের পর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) বিকেলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় স্থাপনাটি সরিয়ে দেওয়া হয় এবং পরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামিলুর রহমান, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়রা জানান, বিনোদন ও অবসর কাটানোর জন্য চা-কফির দোকান বা আড্ডাকেন্দ্র গড়ে উঠতে পারে। তবে এসব প্রতিষ্ঠানের আড়ালে মাদক, অশ্লীলতা বা আইনবিরোধী কর্মকাণ্ড চললে তা তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তাদের দাবি, ভূরুঙ্গামারীর বিভিন্ন এলাকায় আরও কিছু চা আড্ডাকেন্দ্র গভীর রাত পর্যন্ত পরিচালিত হয়। এসব প্রতিষ্ঠানের কার্যক্রমও প্রশাসনের নিয়মিত নজরদারির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা