মঙ্গলবার | সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আইইউজিআইপি’র আওতায় রাঙ্গামাটি পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন

আইইউজিআইপি’র আওতায় রাঙ্গামাটি পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন

রাঙ্গামাটি থেকে মো. নাজিম আলী : রাঙ্গামাটি পৌরসভার পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় রাঙ্গামাটি পৌরসভা মিলনায়তনে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প আইইউজিআইপি’র আওতায় এ খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন করা হয়।

এ উপলক্ষে রাঙ্গামাটি পৌরসভায় খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রাঙ্গামাটি পৌরসভার প্রশাসক মো. মোবারক হোসেন সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, রাঙ্গামাটি রিজিয়নের প্রতিনিধি ক্যাপ্টেন সাদেকী আরফান নিলয়, জামায়াতে ইসলামীর রাঙ্গামাটি জেলা আমির সহকারী অধ্যাপক আবদুল আলিম, জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকসহ নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় রাঙ্গামাটি পৌরসভার এই মহাপরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) ও ফরাসি উন্নয়ন সংস্থা (AFD)-এর সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে Sheltech Consultants (Pvt.) Ltd. কর্মশালায় রাঙ্গামাটি পৌরসভার খসড়া মহাপরিকল্পনা সংশ্লিষ্ট অংশীজনদের সামনে উপস্থাপন করা হয়। এতে নগর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

Package No. IUGIP/MP/০৪-এর আওতায় আয়োজিত এ কর্মশালায় খসড়া মহাপরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।

আয়োজকরা জানান, অংশীজনদের মতামত ও পরামর্শের ভিত্তিতে খসড়া মহাপরিকল্পনাটি আরও পর্যালোচনা ও পরিমার্জন করা হবে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে রাঙ্গামাটি পৌর এলাকার ভবিষ্যৎ নগর ব্যবস্থাপনা ও অবকাঠামোগত উন্নয়ন আরও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা