কক্সবাজার থেকে এইচ এন আলম : কক্সবাজারে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলায় জব্দ করা প্রায় ৯৯ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ২টা থেকে সন্ধ্যা প্রায় ৭টা পর্যন্ত কক্সবাজার আদালত কম্পাউন্ডে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১১ লাখ ৪২ হাজার ৫৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ১২ কেজি ৯৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস এবং ২৬৫ বোতল বিদেশি মদ।
কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির অধীন বিভিন্ন আদালতে বিচারাধীন ৪৬টি মাদক মামলায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল।
কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিজেএম আদালতের মাদক ধ্বংস কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, কমিটির সদস্য ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ এবং সদস্য ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম গিয়াস উদ্দিনের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ সময় কোর্ট ইন্সপেক্টর শাহ আলমসহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এর আগে গত ২২ সেপ্টেম্বর কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে একদিনে ১৩৫ কোটি ৫১ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছিল। সেটিই ছিল কক্সবাজারে একদিনে সর্বোচ্চ মূল্যের মাদকদ্রব্য ধ্বংসের রেকর্ড।
এর মাত্র এক সপ্তাহের ব্যবধানে গত ২৯ সেপ্টেম্বর আরও ৯৯ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হলো। দুই দফায় এক সপ্তাহে ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ২৩৪ কোটি ৮৩ লাখ ৮০ হাজার ১০০ টাকা।
