খাগড়াছড়ি থেকে আলমগীর হোসেন : খাগড়াছড়ি গুইমারা উপজেলা ও মানিকছড়ি উপজেলার সীমান্ত এলাকা হাফছড়ি ইউনিয়নের দূর্গম পাহাড়ি জনপদ রেম্রাপাড়ায় প্রতিষ্ঠিত প্লাকশ্যে উচ্চ বিদ্যালয় ও রেম্রাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা-সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্লাকশ্যে উচ্চ বিদ্যালয়ের হল কক্ষে খাগড়াছড়ির সংগঠন ‘আকুংসু প্যগেমি আফোই’-এর উদ্যোগে এবং প্রবাসী মংমাংপ্রু মারমা (পাইহ্লাপ্রু) ও ম্যামাচিং মারমা (MC)-এর সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা-সামগ্রী তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক অংসা মারমার সঞ্চালনায় ও পাইওয়া মারমা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসাপ্রু চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্লাকশ্যে উচ্চ বিদ্যালয় ও রেম্রাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামপ্রু মারমা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভুমিদাতা চাইরিপ্রু মারমা, ইউপি সদস্য ম্রাসাজাই মারমা, স্থানীয় বিহারের সভাপতি সুফউ মারমা, সাংবাদিক রিপন সরকার ও স্থানীয় রাজু মারমাসহ স্থানীয় শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং প্রয়োজনীয় শিক্ষা-সামগ্রী দিয়ে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শিক্ষা-সামগ্রী বিতরণ করা হয়।
