বিলাইছড়ি থেকে মোঃ মোজাফফার আহমেদ : পার্বত্য রাঙামাটির বিলাইছড়ি উপজেলার অন্যতম দুর্গম এলাকা ১ নম্বর ফারুয়া ইউনিয়নের ধুপপানি ঝর্ণা সংলগ্ন পাহাড়ি জনপদে চরম মানবেতর জীবনযাপন করা ছয়টি অসহায় পরিবারের মুখে হাসি ফুটেছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এসব পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থের চেক হস্তান্তর করা হয়। সহায়তাপ্রাপ্ত অসহায় পরিবারগুলো হলো—প্রণয় কুমার তঞ্চঙ্গ্যা, যত্নবাবু তঞ্চঙ্গ্যা, গোলক কুমার তঞ্চঙ্গ্যা, শান্তিপ্রিয় তঞ্চঙ্গ্যা, রাজয় কান্তি তঞ্চঙ্গ্যা ও দেবী তঞ্চঙ্গ্যা। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ২৯৯ নম্বর রাঙামাটি সংসদীয় আসনের সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়।
প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রীতি ও জীবনযাত্রার মান পরিদর্শনে গিয়ে ধুপপানি শিশু কানন বিদ্যালয় ভ্রমণকালে স্থানীয় পাহাড়ি পরিবারগুলোর জরাজীর্ণ বসতবাড়ি ও অসহায়ত্বের বিষয়টি ইউএনও’র নজরে আসে। পরবর্তীতে সরেজমিনে এলাকাটি পরিদর্শন করে ওই পরিবারগুলোর দুর্দশা সরাসরি প্রত্যক্ষ করেন তিনি এবং অবিলম্বে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার দ্রুত উদ্যোগ গ্রহণ করেন। এই মানবিক কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করার লক্ষ্যে দুই বান্ডিল করে ঢেউটিন এবং ঘর নির্মাণের মজুরি বাবদ তিন হাজার টাকার ব্যাংক চেক প্রদান করা হয়েছে। গৃহহীন ও অস্বচ্ছল এসব পরিবারের জন্য সরকারি এ তড়িৎ সাড়া স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
দুর্গম ও পাহাড়ি সীমান্ত ঘেরা এলাকা হওয়ায় ফারুয়ার প্রান্তিক পরিবারগুলোর কাছে যেকোনো প্রশাসনিক ও সরকারি সহায়তা পৌঁছানো বেশ চ্যালেঞ্জিং। এ প্রেক্ষাপটে বিলাইছড়ি উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ স্থানীয় সচেতন মহল, কার্বারী ও জনপ্রতিনিধিদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। স্থানীয় অধিবাসীদের মতে, সরকারি এই সাহায্য অনুদান হিসেবে নয়, বরং প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও দৈনন্দিন টানাপোড়েনের মাঝে পাওয়া এ ঢেউটিন ও অর্থ সহায়তা পরিবারগুলোর নিরাপদ আবাসন গড়ে তুলতে এবং জীবনযাপনে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
