সোমবার | অক্টোবর ১৯, ২০২৬
প্রচ্ছদ বিনোদন দুর্গার রূপে পাহাড়ে নাজিয়া হক অর্ষা, ব্যতিক্রমী ফটোশুটে মুগ্ধ ভক্তরা

দুর্গার রূপে পাহাড়ে নাজিয়া হক অর্ষা, ব্যতিক্রমী ফটোশুটে মুগ্ধ ভক্তরা

জনতা ডেস্ক : শারদীয় দুর্গাপূজা মানেই উৎসবের রঙে তারকাদের নতুন সাজ, চোখধাঁধানো ফটোশুট আর ভক্তদের জন্য নানা চমক। তবে এবার একটু ভিন্ন আঙ্গিকে হাজির হয়েছেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। দেবী দুর্গার প্রতীকী রূপ ধারণ করে পাহাড়ের প্রকৃতি ও সংস্কৃতির সঙ্গে নিজেকে মেলে ধরেছেন তিনি।

লাল শাড়ি, মাথায় টোপর ও হাতে শাঁখা-পলার চিরচেনা সাজের সঙ্গে ফটোশুটে যুক্ত হয়েছে ভিন্নধর্মী কিছু অনুষঙ্গ। বান্দরবানের পাহাড়ি পরিবেশে ধারণ করা ছবিগুলোতে কখনো অর্ষার হাতে দেখা গেছে প্রতিমার মুখ, কখনো পিঠে নিয়েছেন থ্রুং। আবার কখনো পাহাড়ি মানুষের সঙ্গে পারিবারিক আন্তরিকতায় মেতে উঠেছেন তিনি। ত্রিশূল হাতে প্রতিবাদী রূপেও ক্যামেরাবন্দী হয়েছেন এই অভিনেত্রী।

প্রতিটি ছবিতেই উঠে এসেছে নারীশক্তি, ঐতিহ্য ও সংস্কৃতির ভিন্ন ভিন্ন অভিব্যক্তি। প্রচলিত পূজার সাজকে পাহাড়ের প্রকৃতি ও মানুষের জীবনের সঙ্গে মিলিয়ে উপস্থাপনের এই প্রয়াস নজর কেড়েছে দর্শকদের।

‘মিস্টার মোমেন্টওয়ালা’র উদ্যোগে করা হয়েছে এই বিশেষ ফটোশুট। প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে ব্যতিক্রমী ফটোশুট করে থাকে পেজটি। এবার আলোকচিত্রী মো. নাজমুল হোসেনের ক্যামেরায় ধরা পড়েছে অর্ষার এই ভিন্নধর্মী রূপ। ফটোশুটটির নাম দেওয়া হয়েছে ‘পাহাড়ের নারী শক্তি ও দুর্গা’। এতে পৃষ্ঠপোষকতা করেছে সাতকাহন।

ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন অর্ষা। শোবিজ অঙ্গনের তারকারাও তার এই ফটোশুটের প্রশংসা করেছেন। অভিনেতা চঞ্চল চৌধুরী মন্তব্য করেছেন, ‘দারুণ’। নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘ভীষণ সুন্দর’। অভিনেত্রী সুষমা সরকার মন্তব্য করেছেন, ‘মা দুর্গা’। অন্যদিকে শাহনাজ খুশি লিখেছেন, ‘বিউটিফুল’।

উল্লেখ্য, শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। এরপর মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হয় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা