শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. ছবেদ আলী বিশ্বাস। এ সময় স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে প্রায় ২০০ মোটরসাইকেলের বহরসহ তিনি ধনেশ্বরগাতি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩০টি পূজামণ্ডপে যান। পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে তিনি প্রতিটি পূজামণ্ডপে ২ হাজার টাকা করে অনুদান দেন এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
ইউনিয়নের খিলগাতী এলাকার একটি পূজামণ্ডপে বক্তব্য দিতে গিয়ে ছবেদ আলী বিশ্বাস বলেন, এ সময় সবার খোঁজখবর নিয়েছি এবং কুশল বিনিময় করেছি। আমাদের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। কোথাও কোনো সমস্যার খবর পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, ধনেশ্বরগাতী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাঁকে জানাতে পারেন। খবর পেলে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্যা সমাধানে সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
