মঙ্গলবার | অক্টোবর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পূর্ব বড় ভেওলায়, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বায়োগ্যাস প্রশিক্ষণ কর্মসূচি ও প্লান্ট উদ্বোধন

পূর্ব বড় ভেওলায়, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বায়োগ্যাস প্রশিক্ষণ কর্মসূচি ও প্লান্ট উদ্বোধন

ওমর ফারুক, মাতামুহুরী (কক্সবাজার): কক্সবাজার জেলার নবগঠিত মাতামুহুরী উপজেলার অন্যতম জনবহুল ইউনিয়ন পূর্ব বড় ভেওলার চর পাড়ায় একটি আধুনিক বায়োগ্যাস প্লান্টের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ২০ অক্টোবর বিকেল ৪টায় এলাকার বিশিষ্ট কৃষি উদ্যোক্তা আবু তাহের রহমানীর বাড়িতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্প ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজারের আওতায় বাস্তবায়িত এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বায়োগ্যাস প্লান্টের সফল উদ্যোক্তা আবু তাহের রহমানী অত্র এলাকার একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি এ অঞ্চলে প্রথম বাণিজ্যিকভাবে মৎস্য খামার প্রকল্প গড়ে তোলেন। এছাড়া কৃষিজ, বনজ ও উন্নত জাতের ফলজ চারা উৎপাদনের ক্ষেত্রে তিনি অন্যতম পথিকৃৎ। আধুনিক পদ্ধতিতে হাঁস, মুরগি ও মাছ চাষের সফল উদ্যোক্তা হিসেবেও তাঁর বিশেষ খ্যাতি রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, “সরকার চায় সারা দেশের প্রতিটি উপজেলার প্রতিটি গ্রামে এই ধরনের কৃষিবান্ধব উদ্যোক্তা তৈরি হোক। এর ফলে দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা জনগণ স্থানীয়ভাবে নিজেদের উৎপাদনের মাধ্যমে পূরণ করতে পারবে।” তিনি আরও জানান, দেশের চলমান জ্বালানি ও গ্যাসের ঘাটতি মেটাতে সরকার দেশব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম হাতে নিয়েছে, যা এই সংকট পূরণে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণ সমাজ তথা ‘জেন-জি’ (Gen-Z) প্রজন্মকে নিয়ে এই ব্যাপারে অত্যন্ত আশাবাদী। তিনি সংশ্লিষ্ট সবাইকে, বিশেষ করে যুবসমাজকে এই ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তরুণরা যেন এই প্রকল্পের প্রশিক্ষণ নিয়ে প্রতিটি ঘরে ঘরে হাঁস-মুরগির বিষ্ঠা ও গরুর গোবর ব্যবহার করে বায়োগ্যাস প্লান্ট তৈরি করতে পারে, সরকার সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবে। এর ফলে বিশ্বব্যাপী চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় বাংলাদেশ এগিয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বায়োগ্যাস প্রযুক্তির সফল সম্প্রসারণ ও অনুকরণীয় উদ্যোগের জন্য স্থানীয় কৃষি উদ্যোক্তা আবু তাহের রহমানীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রতিমন্ত্রী।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা