মো. কেফাইতুল ভুঁইয়া, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কিশোরীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার পরিবারের সদস্যদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে রাকিব নামে এক যুবক ও তার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন প্রতিবেশী হুমায়ুন মিয়া ওরফে লক্ষিন্দরের ছেলে রাকিব। পরিবারের অভিযোগ, রাকিব ওই কিশোরীকে বিয়ের প্রস্তাব দিলেও তাতে রাজি হয়নি তার পরিবার। এ নিয়ে বিরোধের জেরে কিশোরীটির পড়াশোনা বন্ধ করে দেওয়া হয় এবং তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পরিবারের অভিযোগ, কিশোরীর সঙ্গে দেখা করতে না পেরে ক্ষুব্ধ হয়ে রাকিব বাড়ির সামনের রাস্তায় তার পরিবারের সদস্যদের গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
পরবর্তীতে রাকিবের পরিবারের লোকজন কিশোরীর পরিবারের পাঁচটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি নতুন মোটরসাইকেল লুট করা হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
এসআই মাহবুব জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিঙ্গারবিল বাজার কমিটির সাধারণ সম্পাদক মানিক মিয়া জানান, মেয়েসংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তিনি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থলে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনা তিনি দেখতে পেয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র সরকার জানান, মেয়েসংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
