মেহেদী হাসান সিরাজী মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত মহেশপুরের কৃতী সন্তান শহীদ সিপাহি হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আগামীকাল বুধবার (২৮ অক্টোবর)। এ উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বুধবার সকাল ১০টায় মহেশপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি ডিগ্রি কলেজের পক্ষ থেকেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে তাঁর অসীম সাহসিকতা, আত্মত্যাগ ও দেশের স্বাধীনতার জন্য অবদানের কথা স্মরণ করা হবে।
উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি তৎকালীন যশোর(বর্তমান ঝিনাইদহ) জেলার মহেশপুর উপজেলার খর্দ্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব প্রদর্শন করে তিনি শহীদ হন। তাঁর আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।
মহান এই বীরের শাহাদতবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাতে স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
