মাগুরা থেকে আল এমরান : মাগুরায় পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাকের হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার আজ দুপুরে এ আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী এম র রশীদ জানান, মামলার তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১৫ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দুজন হলেন রনি শিকদার ও শামীমা তাবাসসুম লুবনা। রনি শিকদার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। এর আগে গত ২২ অক্টোবর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর ভোরে মাগুরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হন শাকের হোসেন। তিনি মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্বে থাকার পাশাপাশি রয়েল পরিবহনের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। ময়নাতদন্তের সময় তাঁর মাথা থেকে গুলি উদ্ধার করা হয়।
