মঙ্গলবার | নভেম্বর ১০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম পটিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

পেলেন সম্মাননা :

পটিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী: ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মৃন্ময় দাশ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসু এবং বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ জামাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা মোহাম্মদ রেজাউল বারী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ ধর এবং সহকারী তথ্য কর্মকর্তা মো. রহমত উল্লাহ চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় শুধু সঞ্চয় ও ঋণ কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক আস্থা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের একটি শক্তিশালী মাধ্যম। কৃষি, ক্ষুদ্র ব্যবসা, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সমবায় আন্দোলন আরও গতিশীল হবে।সমবায়ীদের পক্ষে বক্তব্য দেন মরিয়ম আশ্রম খ্রিস্টীয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান খ্রিস্টফার ক্যুইয়া, গ্রামীণ প্রচেষ্টা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্পাদক মিতা দাশ, হাইদগাঁও কৃষক কল্যাণ পেশাজীবী সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীন, জিরি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি লাকী দেবী, পশ্চিম পটিয়া অটো টেম্পু সমবায় সমিতির সম্পাদক মো. সোলাইমান এবং রুপসা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সম্পাদক কাঞ্চন নাথ।

অনুষ্ঠানের শেষপর্বে সফল সমবায় সমিতি ও উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত সমিতিগুলোর মধ্যে রয়েছে মরিয়ম আশ্রম খ্রিস্টীয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, রুপসা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, প্রভা বহুমুখী সমবায় সমিতি, ধলঘাট আর্বান সমবায় সমিতি, মুকুট সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি এবং জিরি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন।এছাড়া সফল সমবায়ী হিসেবে গ্রামীণ প্রচেষ্টা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি বাবলা মল্লিককে সম্মাননা প্রদান করা হয়। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি নির্বাচিত হয় দি কেলিশহর আর্বান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। সমিতির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, পারস্পরিক সহযোগিতা, সততা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পটিয়ার সমবায় আন্দোলন আরও শক্তিশালী হবে এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা