মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : ঢাকা ও কেরানীগঞ্জকে বন্যা এবং স্থায়ী জলাবদ্ধতার মারাত্মক ঝুঁকি থেকে রক্ষা করার দাবিতে কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের জমি অধিগ্রহণ ও কার্যক্রম চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা. এর আগে প্রস্তাবিত এই প্রকল্পের জমি অধিগ্রহণ বন্ধ এবং এলাকাটিকে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ (Detailed Area Plan)-এর আওতাধীন ‘বন্যা প্রবাহ এলাকা’ (Flood Flow Zone) হিসেবে বহাল রাখার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। পরবর্তীতে আইনি নোটিশের যথাযথ পদক্ষেপ না পেয়ে সংক্ষুব্ধ এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে এই রিট আবেদন করা হয়।
রিটকারী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক কেরানীগঞ্জ উপজেলায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল নির্মাণের জন্য যে ৩৬.৭১৮০ একর জমি নির্ধারণ করা হয়েছে, তা ড্যাপ অনুযায়ী একটি সংবেদনশীল বন্যা প্রবাহ এলাকা। এই জলাভূমি ও বন্যা প্রবাহ অঞ্চলে শিল্প স্থাপন করা হলে বর্ষা মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হবে। ফলে পুরো ঢাকা ও কেরানীগঞ্জ অঞ্চল স্থায়ী জলাবদ্ধতা এবং বড় ধরনের প্রাকৃতিক বন্যার ঝুঁকিতে পড়বে।
কৃষি ও পরিবেশ রক্ষা কমিটির স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, তিন ফসলি জমি ও প্রাকৃতিক জলাধার ভরাটের মাধ্যমে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হলে তা পরিবেশগত ভারসাম্য নষ্ট করবে এবং স্থানীয় জনজীবনকে বিপর্যয়ের মুখে ঠেলে দেবে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষার্থে এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
