সাভার থেকে, ফাহাদ-ই-আজমঃ সরকারি সেবা ও রাজস্ব আদায়ের কার্যক্রম যখন ক্রমেই অনলাইননির্ভর হচ্ছে, তখন সাভারের আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদে চলছে হাতে লেখা রশিদের ব্যবহার। আর এই ম্যানুয়াল পদ্ধতিকে ঘিরেই সরকারি রাজস্ব আদায়, উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যয় এবং দাপ্তরিক নথিপত্র ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। ২০২৫-২৬ অর্থবছরের পাশাপাশি চলতি ২০২৬-২৭ অর্থবছরেও এসব অনিয়ম অব্যাহত থাকার দাবি করেছেন স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট ভুক্তভোগীরা।
সাভার উপজেলার ৪ নম্বর ইয়ারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ আফজাল হোসেনের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না করেই অর্থ উত্তোলন, শিল্পপ্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্স আদায় করে সরকারি অনলাইন সার্ভারে জমা না দেওয়া এবং দাপ্তরিক কার্যক্রমে বহিরাগতদের প্রভাব বিস্তারের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মিরাজ মিয়া ও আনোয়ার হোসেন নামে দুই ব্যক্তি। স্থানীয়দের দাবি, ইউনিয়ন পরিষদের বৈধ কর্মচারী না হয়েও তারা সচিবের দাপ্তরিক কক্ষে বসে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে মিরাজ মিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে ফেলার অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা।
প্রকল্পের বরাদ্দ পাঁচ লাখ, বাস্তবে নেই ড্রেন
অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে আরএফকিউ প্রকল্পের আওতায় ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাইল এলাকায় খলিল প্রধানের বাড়ি থেকে পূর্ব দিকে যাওয়া রাস্তার পাশে ড্রেন নির্মাণের জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
তবে সরেজমিনে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে ওই প্রকল্পের আওতায় কোনো ড্রেন নির্মাণের অস্তিত্ব পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে। স্থানীয় পর্যায়ে কাজটির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠলেও প্রকল্পের বিপরীতে সম্পূর্ণ অর্থ উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
কাজের বাস্তব অগ্রগতি এবং অর্থ উত্তোলনের কাগজপত্রের মধ্যে অসংগতি রয়েছে কি না, তা নির্ধারণে প্রকল্পটির নথি ও আর্থিক হিসাব নিরীক্ষা করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনলাইন সার্ভারে নেই লাখ লাখ টাকার রাজস্ব
ইয়ারপুর ইউনিয়ন পরিষদের রাজস্ব আদায়ের আরেকটি গুরুত্বপূর্ণ খাত হোল্ডিং ট্যাক্স। অভিযোগ রয়েছে, সরকারি নিয়মে অনলাইন পদ্ধতিতে কর আদায় ও জমা দেওয়ার পরিবর্তে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে অর্থ গ্রহণ করে হাতে লেখা ম্যানুয়াল রশিদ দেওয়া হয়েছে। কিন্তু আদায় করা অর্থের বড় একটি অংশ সরকারি অনলাইন সার্ভারে জমার রেকর্ডে পাওয়া যাচ্ছে না।
নথিপত্র যাচাইয়ের দাবি অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে চারটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অঙ্কের অসংগতি সামনে এসেছে।
প্রতিষ্ঠানের নাম!! আদায়কৃত অর্থ!! অনলাইনে জমার তথ্য!!
ভিন্টেজ গার্মেন্টস লিমিটেড, নরসিংহপুর = ২,৪০,০০০ টাকা = পাওয়া যায়নি।
হলিউড গার্মেন্টস = ২,১০,০০০ টাকা = ১০,০০০ টাকা।
ইসলাম গার্মেন্টস লিমিটেড = ১,০৭,৫০০ টাকা = পাওয়া যায়নি।
দি রোজ ড্রেসেস লিমিটেড = ৩,২৭,২৫৫ টাকা = পাওয়া যায়নি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, উল্লিখিত চার প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৮ লাখ ৮৪ হাজার ৭৫৫ টাকা আদায়ের তথ্য রয়েছে। বিপরীতে অনলাইন সার্ভারে জমা হিসেবে মাত্র ১০ হাজার টাকা দেখানো হয়েছে। অর্থাৎ আদায় ও অনলাইন রেকর্ডের মধ্যে ৮ লাখ ৭৪ হাজার ৭৫৫ টাকার ব্যবধান রয়েছে।
তবে এই অর্থের প্রকৃত গন্তব্য এবং হিসাবের অসংগতির কারণ নির্ধারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রশিদ, ব্যাংক হিসাব, সরকারি চালান ও অনলাইন সার্ভারের তথ্য মিলিয়ে স্বাধীনভাবে তদন্ত করা প্রয়োজন।
স্থানীয় সূত্রগুলোর দাবি, একই পদ্ধতিতে চলতি ২০২৬-২৭ অর্থবছরেও বিভিন্ন শিল্পকারখানা ও প্রতিষ্ঠানের কাছ থেকে হোল্ডিং ট্যাক্স আদায় করা হচ্ছে। এ অভিযোগের সত্যতা যাচাইয়ে চলতি অর্থবছরের আদায় ও জমার হিসাবও খতিয়ে দেখা জরুরি।
দাপ্তরিক কক্ষে বহিরাগতদের প্রভাবের অভিযোগ
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে মিরাজ মিয়া ও আনোয়ার হোসেনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, পরিষদের নিয়মিত বা বৈধ কর্মচারী না হয়েও তারা সচিবের কক্ষে বসে দাপ্তরিক কাজে প্রভাব বিস্তার করছেন।
স্থানীয়দের অভিযোগ, পরিষদের গুরুত্বপূর্ণ নথিপত্রের নিয়ন্ত্রণ ও সংরক্ষণব্যবস্থা নিয়েও অনিয়ম রয়েছে। এমনকি দুর্নীতির অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কিছু নথি সরিয়ে ফেলার অভিযোগও উঠেছে মিরাজ মিয়ার বিরুদ্ধে।
এ ছাড়া মিরাজ মিয়ার ফুফাতো ভাই মোঃ মঈন উদ্দিনকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে গ্রাম পুলিশ (মহল্লাদার) পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া নিয়েও স্থানীয় পর্যায়ে প্রশ্ন ও অসন্তোষ রয়েছে। নিয়োগটি যথাযথ বিধি অনুসরণ করে হয়েছে কি না, তা যাচাইয়ের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
১৪ বছরের উদ্যোক্তাকে সরিয়ে পদে বসানোর অভিযোগ
ইয়ারপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের দীর্ঘদিনের উদ্যোক্তা মোঃ সাদ্দাম মোল্লাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনাও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
সাদ্দাম মোল্লার অভিযোগ, কোনো কারণ দর্শানোর নোটিশ কিংবা আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই তাকে দীর্ঘদিনের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে সচিবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মিরাজ মিয়াকে ওই দায়িত্বে বসানো হয়েছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সাদ্দাম মোল্লা বলেন, “আমি দীর্ঘ ১৪ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে এই ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে জনগণকে সেবা দিয়ে আসছি। কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়াই ইউপি সচিব তার ক্ষমতার অপব্যবহার করে আমাকে আমার পদ থেকে সরিয়ে দিয়েছেন। সেখানে নিজের লোক বসিয়ে তিনি অনিয়মকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছেন।
অভিযোগের বিষয়ে সচিবের বক্তব্য পাওয়া যায়নি
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ আফজাল হোসেনের মুঠোফোনে ০১৭১২-৫৫০৫২৪, ০১৯১৭-৩১৫৫৭৪ নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। পাশাপাশি হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক সাইদুর রহমান বলেন, “প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ আফজাল হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়টি আমার জানা নেই। আমি বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।
নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর
একটি ইউনিয়ন পরিষদের রাজস্ব আদায়, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। সেখানে সরকারি অর্থের হিসাব, প্রকল্পের বাস্তবায়ন এবং অনলাইন রাজস্ব ব্যবস্থাপনায় এমন অসংগতি ও অভিযোগ জনমনে উদ্বেগ তৈরি করেছে।
স্থানীয় সচেতন নাগরিক ও ভুক্তভোগীদের দাবি, অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত নিরপেক্ষ তদন্ত করা হোক। একই সঙ্গে ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের প্রকল্পভিত্তিক ব্যয়, হোল্ডিং ট্যাক্স আদায়, সরকারি কোষাগারে জমার হিসাব, নিয়োগসংক্রান্ত নথি এবং ডিজিটাল সেন্টারের দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া পর্যালোচনা করা হোক। তাদের মতে, যথাযথ অডিট ও প্রশাসনিক তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হলে সরকারি অর্থের প্রকৃত হিসাব এবং দায়ী ব্যক্তিদের ভূমিকা স্পষ্ট হবে।
