মঙ্গলবার | নভেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পানছড়িতে বিজিবির বিশেষ অভিযান, জব্দ ৬২ ঘনফুট অবৈধ কাঠ

পানছড়িতে বিজিবির বিশেষ অভিযান, জব্দ ৬২ ঘনফুট অবৈধ কাঠ

রহিম হৃদয়,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৬২.০৭ ঘনফুট অবৈধ সেগুন ও কড়ই কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার ৯২৫ টাকা।

গত ১৫ নভেম্বর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি -এর একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। জেসিও নায়েব সুবেদার বাদক মোঃ তুষার হোসেনের নেতৃত্বে পরিচালিত টহলদলটি ব্যাটালিয়ন সদর থেকে প্রায় ২ কিলোমিটার পশ্চিমে ফাতেমানগর স্টিল ব্রিজ এলাকায় অভিযান চালায়।

এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন আকারের ৩৭.৯১ ঘনফুট সেগুন কাঠ এবং ২৪.১৬ ঘনফুট কড়ই কাঠ জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দকৃত কাঠের পরিমাণ ৬২.০৭ ঘনফুট, যার আনুমানিক জব্দমূল্য ১ লাখ ৬৮ হাজার ৯২৫ টাকা।

পরবর্তীতে জব্দকৃত কাঠ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বনজ সম্পদ সংরক্ষণ এবং অবৈধভাবে কাঠ আহরণ ও পরিবহন প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা