বুধবার | নভেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ লক্ষ্মীছড়ির দুর্গম এলাকায় সেনাবাহিনীর সৌরশক্তিচালিত পানির পয়েন্ট স্থাপন

লক্ষ্মীছড়ির দুর্গম এলাকায় সেনাবাহিনীর সৌরশক্তিচালিত পানির পয়েন্ট স্থাপন

রহিম হৃদয়, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা বিনাজুড়িপাড়ায় দীর্ঘদিনের পানির সংকট নিরসনে সৌরশক্তিচালিত পানির পয়েন্ট স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন। এ উদ্যোগের ফলে বিনাজুড়িপাড়া ও আশপাশের এলাকার প্রায় শতাধিক পরিবারের নিরাপদ ও সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ি এ এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকটে ভুগছিলেন। বিশেষ করে শুষ্ক মৌসুম ও শীতকালে পানি সংগ্রহ করতে গিয়ে নারী ও শিশুদের নানা দুর্ভোগ পোহাতে হতো। স্থানীয় জনগণের এ দীর্ঘদিনের সমস্যা সমাধানে এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী।

লক্ষ্মীছড়ি জোনের নির্দেশনায় বার্মাছড়ি আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে মাত্র দুই সপ্তাহের মধ্যে সৌরশক্তিচালিত পানির ট্যাংক ও পানির পয়েন্ট স্থাপনের কাজ সম্পন্ন করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) লক্ষ্মীছড়ি জোন কমান্ডার আনুষ্ঠানিকভাবে নবনির্মিত পানির পয়েন্টটি উদ্বোধন করেন। এ সময় বার্মাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান, কারবারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান।

উদ্বোধনকালে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, “পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে সব ধরনের প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশ সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। জাতিগত বিভেদের ঊর্ধ্বে থেকে সেনাবাহিনী সবসময় নিঃস্বার্থভাবে জনকল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিনাজুড়িপাড়ায় সৌরশক্তিচালিত পানির ট্যাংক স্থাপনের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের পানির সংকট কিছুটা হলেও লাঘব হবে বলে আমরা আশাবাদী। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের পাশে থেকে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, সৌরশক্তিচালিত এ পানির পয়েন্ট স্থাপনের ফলে দুর্গম এলাকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সহজ হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। দীর্ঘদিনের পানির সংকট থেকে মুক্তির নতুন সম্ভাবনা তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও স্বস্তি ও সন্তোষ দেখা দিয়েছে।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীছড়ি জোনের এ উদ্যোগ দুর্গম পাহাড়ি জনপদে জনসেবামূলক কার্যক্রমের আরেকটি উদাহরণ হয়ে থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা