বুধবার | নভেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঈদগাঁওয়ে দুই ইটভাটা ও দুই করাতকলকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, স'মিল থেকে কাঠ ও দুটি মেশিন জব্দ

ঈদগাঁওয়ে দুই ইটভাটা ও দুই করাতকলকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা

এইচ এন আলম কক্সবাজার : কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধ ইটভাটা ও লাইসেন্সবিহীন করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুটি ইটভাটাকে ৪ লাখ টাকা এবং দুটি অবৈধ করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় করাতকল থেকে সংরক্ষিত গোল কাঠ ও দুটি মেশিন জব্দ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপজেলার জালালাবাদ ইউনিয়নে অবস্থিত দুটি ইটভাটার মালিক শামসুদ্দিন ও সালামত উল্লাহকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, পোকখালী ব্রিজসংলগ্ন এলাকায় লাইসেন্স ছাড়াই অবৈধভাবে করাতকল পরিচালনার দায়ে মোফিজ উদ্দিন ও শামসুল আলমকে করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি করাতকলে মজুত রাখা গোল কাঠ ও দুটি মেশিন জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোমরিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা বলেন, উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। এ ঘটনায় মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই অভিযানে লাইসেন্সবিহীন দুটি করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও আইনবহির্ভূত কার্যক্রম বন্ধে উপজেলায় অবৈধ ইটভাটা ও করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ঈদগাঁও থানার ওসি (তদন্ত) সোমনাথ বোস, ভোমরিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন, বিট কর্মকর্তা ফরহাদ বিন বেলাল, আনসার সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা সহযোগিতা করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা