রিয়াজ উদ্দিন, কক্সবাজার: * প্রধানমন্ত্রীর কাছে পাঁচ সংগঠনের স্মারকলিপি, * ডিসি কার্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ কক্সবাজার সমুদ্রসৈকতে বিচ কার্নিভাল আয়োজনের নামে শত শত ঝাউগাছ কাটার অভিযোগ উঠেছে।
উপকূলীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক প্রতিবেশ ধ্বংসের এমন কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
একই সঙ্গে ঝাউবন নিধনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণসহ পাঁচ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন পাঁচটি সংগঠনের নেতারা।
বুধবার (১৮ নভেম্বর) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, কক্সবাজারের সমুদ্রসৈকত ও উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য রক্ষায় ঝাউবন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ বিচ কার্নিভালের মতো আয়োজনের নামে নির্বিচারে ঝাউগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়বে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ঝাউবন কেবল সৈকতের সৌন্দর্য বাড়ায় না, বরং উপকূলীয় জনপদের প্রাকৃতিক সুরক্ষাকবচ হিসেবেও কাজ করে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও সামুদ্রিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ঝাউবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি বালিয়াড়ি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বিভিন্ন প্রজাতির পশুপাখি ও উপকূলীয় প্রাণীর আবাসস্থল হিসেবেও এসব বন গুরুত্বপূর্ণ।
সংগঠনগুলোর নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বিনোদন কিংবা সামুদ্রিক উৎসব আয়োজনের অজুহাতে উপকূলের প্রাকৃতিক সম্পদ ধ্বংস করা হলে বালিয়াড়ির ক্ষয় বাড়বে এবং উপকূলীয় জনপদ আরও ঝুঁকির মধ্যে পড়বে। তাই উন্নয়ন ও পর্যটন আয়োজনের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
স্মারকলিপিতে সংবিধান ও প্রচলিত পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী দেশের প্রাকৃতিক পরিবেশ, বন ও জীববৈচিত্র্য রক্ষা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব বলেও উল্লেখ করা হয়। অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে একটি শিল্পগোষ্ঠীকে কক্সবাজারের ঝাউবন লিজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে স্মারকলিপিতে দাবি করা হয়। তবে স্থানীয় সাধারণ মানুষের আন্দোলনের মুখে সেই উদ্যোগ প্রতিহত করা সম্ভব হয়েছিল।
প্রধানমন্ত্রীর কাছে দেওয়া স্মারকলিপিতে পাঁচ দফা দাবি তুলে ধরেন সংগঠনগুলোর নেতারা। দাবিগুলো হলো—বিচ কার্নিভালের নামে ঝাউগাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তি এবং অনুমতি প্রদানকারী দায়িত্বশীলদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ; অবিলম্বে ঝাউবন ধ্বংসকারী সব কর্মকাণ্ড নিষিদ্ধ করা; ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত বনায়ন ও বালিয়াড়ি সংরক্ষণের উদ্যোগ নেওয়া; বিচ কার্নিভালের আয়োজন ঝাউবন থেকে সরিয়ে উপযুক্ত উন্মুক্ত স্থানে স্থানান্তর করা এবং কক্সবাজার সমুদ্রসৈকত কোনো অবস্থাতেই বেসরকারি খাতে লিজ না দেওয়া।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন আমরা কক্সবাজারবাসীর উপদেষ্টা সরওয়ার কামাল, কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজারের সভাপতি এম জাকার আলম সিদ্দিক, আমরা কক্সবাজারবাসীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন এবং বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সাধারণ সম্পাদক ইসলাম মাহমুদ।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে বক্তারা বলেন, কক্সবাজারের সমুদ্রসৈকত শুধু পর্যটনকেন্দ্র নয়, এটি দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ও উপকূলীয় পরিবেশের অংশ। পর্যটন বিকাশের নামে এমন কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য হতে পারে না, যার ফলে প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংস হয়। বিচ কার্নিভালসহ যেকোনো আয়োজন পরিবেশবান্ধব উপায়ে পরিচালনার আহ্বান জানান তাঁরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ঝাউবন নিধন বন্ধ, ক্ষতিগ্রস্ত এলাকায় বনায়ন, সৈকতের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং উপকূলীয় জনপদের সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে পাঁচ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
