রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পোরশায় বৈরী আবহাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি, লোকসানে দিশেহারা কৃষক

পোরশায় বৈরী আবহাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি, লোকসানে দিশেহারা কৃষক

এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলায় বৈরী আবহাওয়ার কারণে কৃষি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ ঝড়ো হাওয়া, বৃষ্টি ও শিলাবৃষ্টিসহ প্রতিকূল আবহাওয়ার প্রভাবে মাঠের বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম লোকসানের মুখে পড়েছেন কৃষকেরা। অনেক কৃষকের সারা বছরের পরিশ্রম এখন অনিশ্চয়তার মুখে।

আজ রবিবার উপজেলার স্থানীয় কৃষক নিতপুরের আপেল তালুকদার সঙ্গে কথা বলে জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে জমিতে থাকা বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও ফসল মাটিতে নুয়ে পড়েছে, কোথাও জমিতে পানি জমে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।

পোরশা উপজেলার মরশিদপুর ইউনিয়নের কৃষকেরা জানান, জমি চাষ, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বাবদ ইতোমধ্যে বিপুল অর্থ ব্যয় হয়েছে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার আশঙ্কায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। অনেকেই ঋণ নিয়ে চাষাবাদ করেছেন। ফসলের ক্ষতি হওয়ায় ঋণ পরিশোধ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা।

এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় কৃষকেরা। পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণ করে কৃষকদের প্রয়োজনীয় কৃষি সহায়তা ও প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

কৃষকদের দাবি, দ্রুত সরকারি সহায়তা না পেলে চলতি মৌসুমে তাদের আর্থিক সংকট আরও প্রকট হতে পারে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা