সাভারে অভিভাবক সভায় শিক্ষকের সঙ্গে বিএনপি নেতার অসদাচরণের অভিযোগ; ইউএনওর কাছে লিখিত অভিযোগ, চিকিৎসা নিয়েছেন ভুক্তভোগী
সাভার থেকে, ফাহাদ-ই-আজম: শিক্ষার মান ও শিক্ষার্থীদের ফলাফল নিয়ে অভিভাবক সভায় কথা-কাটাকাটির জেরে সাভারের একটি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষককে প্রকাশ্যে গলা চেপে ধরে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযোগের সবচেয়ে আলোচিত দিক হলো, অভিযুক্ত ওই নেতা একসময় ভুক্তভোগী শিক্ষকেরই ছাত্র ছিলেন। তিন দশকের বেশি সময় ধরে শিক্ষকতা করা একজন শিক্ষকের সঙ্গে সাবেক শিক্ষার্থীর এমন আচরণের ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনার শিকার শিক্ষক মাহবুবুর রহমান সাভারের মুশুরীখোলা শামসুল হক উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক। অভিযুক্ত মো. কদম আলী ভূঁইয়া ভাকুর্তা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক।
ভুক্তভোগী শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিদ্যালয়ে বার্ষিক ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে শিক্ষকরা বাড়ি ফেরার প্রস্তুতি নিলে কোনো পূর্বঘোষণা ছাড়াই বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. আকবর হোসেন অভিভাবকদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেন। ওই বৈঠকে শিক্ষকদেরও ডেকে পাঠানো হয়।
বৈঠকে শিক্ষার্থীদের ফলাফল ও পাঠদানের মান নিয়ে আলোচনা শুরু হলে কদম আলী ভূঁইয়া শিক্ষকদের উদ্দেশে অশালীন ভাষায় কথা বলেন বলে অভিযোগ উঠেছে। তাঁর দাবি ছিল, শিক্ষকরা যথাযথভাবে পাঠদান না করায় শিক্ষার্থীদের ফলাফল খারাপ হচ্ছে। এ সময় শিক্ষকদের পক্ষ নিয়ে প্রতিবাদ করেন জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মাহবুবুর রহমান। একপর্যায়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। অভিযোগ অনুযায়ী, এরই মধ্যে কদম আলী ওই শিক্ষকের গলা চেপে ধরেন।
ভুক্তভোগী শিক্ষক মাহবুবুর রহমান বলেন, ‘আমি ৩১ বছর ধরে সুনামের সঙ্গে এই বিদ্যালয়ে শিক্ষকতা করছি। কদম আলী ভূঁইয়া একসময় আমার ছাত্র ছিলেন। অথচ সেই ছাত্রই সবার সামনে আমার গলা চেপে ধরেছে। বিষয়টির প্রতিবাদ করায় আমাকে অপমানজনক পরিস্থিতির মুখে পড়তে হয়েছে।’
তিনি আরও জানান, ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ায় এবং অপমানবোধ থেকে দুই দিন বিদ্যালয়ে যেতে পারেননি। গলা ও ঘাড়ে সমস্যা দেখা দেওয়ায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।
ভুক্তভোগী শিক্ষকের দাবি, ঘটনার পর থেকে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাঁকে ফোন করা হচ্ছে। ভয়ে তিনি এসব কল রিসিভ করছেন না।
এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ফজলুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘আমার চাকরির মেয়াদ আর বেশি দিন নেই। এই সময়ে কোনো ঝামেলায় জড়াতে চাই না।’
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. আকবর হোসেন ঘটনার সত্যতা প্রসঙ্গে বলেন, টেস্ট পরীক্ষায় অনেক শিক্ষার্থীর ফলাফল খারাপ হওয়ায় অভিভাবকদের নিয়ে বৈঠক করা হয়েছিল। সেখানে কদম আলী ভূঁইয়াও উপস্থিত ছিলেন। শিক্ষকদের পাঠদান নিয়ে তাঁর বক্তব্যের প্রতিবাদ করেন মাহবুবুর রহমান। একপর্যায়ে দুজন মুখোমুখি হয়ে যান।
আকবর হোসেনের ভাষ্য, ‘সামনাসামনি হলে একটু হাত লাগতেই পারে। ঘটনাটি হঠাৎ করেই হয়েছে, পরিকল্পিত কিছু ছিল না।’ বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও ওই শিক্ষককে পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। তবে শিক্ষক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন—এমন কোনো ঘটনা তাঁর নজরে আসেনি বলেও জানান।
অন্যদিকে, শিক্ষকের গলা চেপে ধরা কিংবা তাঁকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা কদম আলী ভূঁইয়া। তাঁর দাবি, বিদ্যালয়ের শিক্ষার মান সন্তোষজনক নয়। অভিভাবক সভায় তিনি শিক্ষকদের পাঠদানের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন মাত্র।
কদম আলী বলেন, ‘ওই বিদ্যালয়ের কিছু শিক্ষক আওয়ামী লীগের দোসর। শিক্ষার মান খুবই খারাপ। অভিভাবক সভায় শিক্ষকদের ঠিকমতো পড়ানোর কথা বলেছি। তবে কোনো শিক্ষককে লাঞ্ছিত করিনি।’
তিনি মাহবুবুর রহমানের কাছে পড়াশোনা করেছেন বলে স্বীকার করলেও বর্তমানে তাঁর পরিবারের কেউ ওই বিদ্যালয়ে পড়াশোনা করে না বলে জানান।
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে, তিনি বলেন এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা শুনেছেন। তবে অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ করে থাকলে এখনো হাতে পায়নি। তবে অভিযোগের ভিত্তিতে করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একজন শিক্ষকের সঙ্গে এমন আচরণের অভিযোগকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষকদের নিরাপত্তা এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি সামনে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে কি না, এখন সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্টরা।
