শনিবার | নভেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা আশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কা

আশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কা

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় পৃথক দুটি স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে এ ঘটনা ঘটে। এতে বাস দুটি অধিকাংশ অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়,ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটকসংলগ্ন স্থানে এবং বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে পার্কিং করে রাখা বাস দুটিতে আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,ভোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাস দুটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে আগুনে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে যায়। এর মধ্যে একটি বাস আলিফ পরিবহনের বলে জানা গেছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন,মহাসড়ক ও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে। পাশাপাশি এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পৃথক দুটি স্থানে একই সময়ে বাসে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা