শনিবার | নভেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা সাভার-আশুলিয়ায় আগুনের তাণ্ডব, ভোররাতে তিন বাসে অগ্নিসংযোগ, আটক ৯

সাভার-আশুলিয়ায় আগুনের তাণ্ডব, ভোররাতে তিন বাসে অগ্নিসংযোগ, আটক ৯

সাভার থেকে, ফাহাদ-ই-আজমঃ ঢাকার শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় পার্কিং করে রাখা তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ, নাশকতার মামলা দায়েরের প্রস্তুতি।

শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে পৃথক তিনটি স্থানে দুর্বৃত্তরা এসব বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাসগুলোতে যাত্রী কিংবা চালক না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে, এসব ঘটনার পর সাভারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় পার্কিং করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই রাতে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর সরকার মার্কেট এলাকায় আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়। পরে ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী লেনে দাঁড়িয়ে থাকা তৃতীয় একটি বাসে আগুন দেওয়া হয়।

পরপর তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাভার ও আশুলিয়া ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসগুলোর অভ্যন্তরীণ অংশ, আসন ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, অগ্নিসংযোগের ঘটনার পর সাভার এলাকায় অভিযান চালিয়ে মশাল মিছিল ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী রয়েছেন বলে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম ও আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম। ঘটনাস্থল পরিদর্শন করে
অগ্নিসংযোগের পেছনে পরিকল্পিত নাশকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। জড়িতদের শনাক্ত করতে ডিইপিজেড, নরসিংহপুর ও ব্যাংক টাউন এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা নথিভুক্ত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে, একের পর এক অগ্নিসংযোগের ঘটনার পর ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমিনবাজার, সাভার, নবীনগর ও বাইপাইল এলাকায় বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও তল্লাশি। পাশাপাশি গভীর রাতে সড়কের পাশে পার্কিং করা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন মালিক ও শ্রমিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনটি পৃথক স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত এবং এর নেপথ্যে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা