নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলার ৭ নম্বর জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ থেকে ছয় শতাধিক মোটরসাইকেল আরোহী ও সমর্থক অংশ নেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় নড়াগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াগাতী বাজারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লাসহ তাঁর বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন। এ সময় ‘উন্নয়নের অগ্রযাত্রায় জনগণের পাশে রাসেল মোল্লা’ স্লোগান দেওয়া হয়। পাশাপাশি স্মার্ট ইউনিয়ন ও সমৃদ্ধ জয়নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সমর্থকেরা। শোভাযাত্রাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রায় রাসেল মোল্লা বলেন, জয়নগর ইউনিয়নে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। জনগণ তাঁকে নির্বাচিত করলে ইউনিয়নের বেহাল রাস্তাঘাট সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনে কাজ করবেন। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করে মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তোলার উদ্যোগ নেবেন।
তিনি আরও বলেন, চেয়ারম্যান নির্বাচিত হতে না পারলেও অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকবেন। এ জন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
নিজের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে রাসেল মোল্লা বলেন, নির্বাচিত হলে সুশাসন ও দুর্নীতিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করা, মাদকমুক্ত ইউনিয়ন গঠন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেবেন। পাশাপাশি সামাজিক সুরক্ষা ও মানবিক কার্যক্রম জোরদার করবেন।
তিনি আরও বলেন, হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি মানবিক, সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ জয়নগর ইউনিয়ন গড়ে তুলতে চান।
