বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নরসিংদীতে যাত্রী সেজে অভিনব কায়দায় অপহরণ চক্রের ৩ জন গ্রেফতার

নরসিংদীতে যাত্রী সেজে অভিনব কায়দায় অপহরণ চক্রের ৩ জন গ্রেফতার

কামরুল ইসলাম কামাল, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে অভিনব কায়দায় যাত্রীদেরকে প্রাইভেটকারে তুলে অপহরণ, মারধর ও ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নরসিংদী। এ সময় চারজনকে উদ্ধার, অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার, নগদ ৫০ হাজার ২৫০ টাকা উদ্ধার ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: সুনামগঞ্জ জেলার মো. ওমর ফারুক (৩৪), পটুয়াখালি জেলার নিজাম উদ্দিন ওরফে মিজান (৩০) ও মো. সাইফুল ইসলাম ফকির (৩২)। পিবিআইয়ের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দেশের বিভিন্ন এলাকায় একই কৌশলে যাত্রী অপহরণ করে মুক্তিপণ আদায়ের কথা স্বীকার করেছেন।

পিবিআই জানায়, গত ৩০ জুলাই সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের চৈতন্য বাসস্ট্যান্ড থেকে ঢাকায় যাওয়ার কথা বলে মামুনুর রশীদ (৪২) নামের এক ব্যক্তিকে প্রাইভেটকারে তোলা হয়। পরে গাড়িতে থাকা আরও তিন ব্যক্তি তাকে জিম্মি করে লোহার রড ও পাইপ দিয়ে ভয় দেখিয়ে মারধর করেন এবং চোখ বেঁধে বিভিন্ন স্থানে ঘুরানোর পর তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ সাত হাজার টাকা নেওয়ার পর তার বিকাশ, নগদ ও রকেট একাউন্ট থেকে ২ লাখ ২০ হাজার টাকা এবং পরিবারের সদস্যদের কাছ থেকে আরও ২ লাখ টাকা নেওয়া হয়। সব মিলিয়ে ৪ লাখ ২৭ হাজার টাকা নেওয়ার পর তাকে রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় চোখ বাঁধা অবস্থায় ফেলে যায় অপহরণকারীরা।

ঘটনার পর পিবিআই সিসিটিভি ফুটেজ, স্থানীয়দের তথ্য এবং মোবাইলে আর্থিক সেবার লেনদেন বিশ্লেষণ করে তদন্ত শুরু করে। ১ আগস্ট ভুক্তভোগী মামুনুর রশীদ শিবপুর থানায় মামলা করেন। ২৭ আগস্ট পিবিআই মামলার তদন্তভার গ্রহণ করে এবং ২৮ আগস্ট ঢাকা ও গাজীপুরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। বিষয়গুলো যাচাই করে দেখা হচ্ছে।

পিবিআই নরসিংদী জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা