বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা বঞ্চিতদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বঞ্চিতদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মোঃ মনজুর মোল্লা, ঢাকা : দীর্ঘ ১৭ বছর ধরে যারা বঞ্চিত হয়েছেন, তাঁদের অধিকার ও প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। শুধু বাংলাদেশ কৃষি ব্যাংক নয়, সর্বক্ষেত্রেই বৈষম্যের শিকার মানুষদের সম্মান পুনর্বাহাল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর-১৩ নম্বরস্থ স্টাফ কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) বি-৯৮৫-এর ঢাকা বিভাগীয় সম্মেলন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা চাই ১৭ বছর ধরে বঞ্চিত মানুষদের ধীরে ধীরে তাঁদের প্রাপ্য স্থান ও সম্মান ফিরিয়ে দিতে। বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তাদের যেসব সমস্যা ও দাবি আজ উঠে এসেছে, সেগুলো সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।”

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে আমিনুল হক বলেন, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যাতে জনগণের কাছে জবাবদিহির প্রশ্ন ওঠে। কৃষকদের অধিকার ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কৃষি খাতের সার্বিক উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে তিনি জানান:
* ঋণ মওকুফ: ২০২৬ সালের জুলাই পর্যন্ত সারাদেশে ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে, যার বড় সুফল পেয়েছেন কৃষি ব্যাংকের গ্রাহকেরা।
* কৃষক কার্ডের উদ্যোগ: মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে ও কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড চালু করা হচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরে ১০০টি উপজেলায় ৪২ লাখ ৫ হাজার কৃষককে এই কার্ডের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।
* আর্থিক সহায়তা: কৃষক কার্ডের মাধ্যমে সহজ শর্তে ঋণের পাশাপাশি প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের বছরে একবার ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা, খাল খনন ও খেলাধুলাসহ বহুমুখী সামাজিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকার আগামী সাড়ে চার বছরকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাবে।

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) ঢাকা বিভাগের আহ্বায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজুজ্জামান মামুন মোল্লা, কৃষি ব্যাংক ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক গোলাম মো. আরিফ, স্টাফ কলেজের অধ্যক্ষ এ এইচ এম মাহবুবুল বাসেত ভূঁইয়া, শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোহাম্মদ কামরুজ্জামান, সিবিএ-র সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা