মোঃ মনজুর মোল্লা : রাজধানীর মৌচাক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি চোরাই প্রাইভেটকার উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগের সবুজবাগ ট্রাফিক জোনের সদস্যরা। পরে উদ্ধারকৃত গাড়িটি রমনা থানা পুলিশের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মৌচাক ফরচুন মার্কেটের সামনে মূল সড়কে ডিউটিতে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা একটি সাদা রঙের প্রিমিও প্রাইভেটকার পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। সন্দেহজনক মনে হলে তারা গাড়িটির রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে অনুসন্ধান চালিয়ে মালিকের সঙ্গে যোগাযোগ করেন।
গাড়ির মালিক জানান, গত সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে পল্টন মডেল থানাধীন কাকরাইল এলাকা থেকে তার গাড়ির চালক গাড়িটিতে থাকা ২৭ লাখ ২০ হাজার টাকাসহ চম্পট দেয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে তিনি পল্টন মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে উপস্থিত জনতা ও গাড়ির মালিকের উপস্থিতিতে উদ্ধারকৃত প্রাইভেটকারটি তল্লাশি করা হয়, তবে গাড়িতে কোনো টাকা পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সবুজবাগ ট্রাফিক জোনের সদস্যরা উদ্ধারকৃত গাড়িটি রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
হারানো গাড়ি ফিরে পেয়ে মালিক আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সবুজবাগ ট্রাফিক জোনসহ বাংলাদেশ পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন
