যশোর প্রতিনিধি : দৈনিক জনতার সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেছেন, দৈনিক জনতা শুধু একটি সংবাদপত্র নয়, এটি মানুষের কথা বলার একটি শক্তিশালী মাধ্যম। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের খবর জাতীয় পর্যায়ে তুলে ধরাই আমাদের অন্যতম লক্ষ্য।
গতকাল শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকাল ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যশোর জেলা প্রতিনিধি শেখ দিনু আহমেদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। তিনি বলেন, দৈনিক জনতার ৪৩ বছর পূর্তি সংবাদপত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সাংবাদিকতার শুরুর সময়ে দৈনিক জনতাকে দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকাগুলোর একটি হিসেবে দেখেছি। আজকের প্রতিনিধি সম্মেলনে যারা উপস্থিত, তারা সবাই অভিজ্ঞ সাংবাদিক। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দৈনিক জনতা আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও বিএফইউজের সাবেক সহসভাপতি ফকির শওকত, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নুর ইসলাম, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, দৈনিক জনতার মফস্বল ইনচার্জ জাহাঙ্গীর খান বাবু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক জনতার ঝিনাইদহ জেলা প্রতিনিধি আজিজুর রহমান সালাম। আলোচনা শেষে কেক কেটে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে প্রেসক্লাব যশোরের সদস্য, স্থানীয় সাংবাদিক এবং খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত দৈনিক জনতার প্রতিনিধিরা অংশ নেন।
পরে খুলনা ব্যুরো চিফ বিএম রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দৈনিক জনতার খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন। এতে বিভাগের বিভিন্ন জেলার প্রতিনিধিরা মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা তুলে ধরেন এবং পত্রিকাকে আরও এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ দেন।
বক্তব্য দেন ঝিনাইদহ জেলা প্রতিনিধি আজিজুর রহমান সালাম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি কালিদাস রায়, যশোর জেলা প্রতিনিধি শেখ দিনু আহমেদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি শরীফ মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি আল এমরান ও নড়াইল জেলা প্রতিনিধি মামুন মোল্লা।
এছাড়া বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন শার্শা উপজেলা প্রতিনিধি এম ওসমান, বেনাপোল প্রতিনিধি সুমন হোসাইন, কেশবপুর প্রতিনিধি রুস্তম আলী, অভয়নগর প্রতিনিধি কামরুল ইসলাম, বাঘারপাড়া প্রতিনিধি ফরিদুজ্জামান, চৌগাছা প্রতিনিধি শ্যামল দত্ত, কালিয়া প্রতিনিধি পুলক ঘোষ, মোহাম্মদপুর প্রতিনিধি মতিউর রহমান, শালিখা প্রতিনিধি ইয়াসিন মোল্লা, শ্রীপুর প্রতিনিধি হারুন মিয়া, রামপাল প্রতিনিধি এম এ সবুর রানা, মোংলা প্রতিনিধি ইব্রাহিম হোসেন, মিরপুর প্রতিনিধি সাঈদ হাসান লাভলু, দৌলতপুর প্রতিনিধি আরিফুল ইসলাম, গাংনী প্রতিনিধি মাসুদ রানা, কোটচাঁদপুর প্রতিনিধি বিএম ওয়াদুদ ও মহেশপুর প্রতিনিধি মেহেদী হাসান সিরাজী।
প্রতিনিধি সম্মেলনের শেষ পর্যায়ে যশোর জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক শেখ দিনু আহমেদকে স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতির ঘোষণা দেন সম্পাদক ওবায়দুর রহমান শাহীন। পরে তার হাতে নতুন পরিচয়পত্র তুলে দেওয়া হয়।
