কাপ্তাই থেকে নুর মোহাম্মদ বাবু : রাঙামাটির কাপ্তাইয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা দিতে এ আয়োজন করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৬ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী অনুষ্ঠানে সংবর্ধিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, ‘শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা ও মননে এগিয়ে যেতে হবে এবং প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।’
তিনি আরও বলেন, কাপ্তাই উপজেলা বিভিন্ন দিক থেকে এগিয়ে যাচ্ছে। শিক্ষার উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ মো. আবদুল হালিমের সভাপতিত্বে এবং জাসাসের সভাপতি ও বাচিকশিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, জিসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহসভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিবিএর সভাপতি বেলাল হোসেন এবং অনুষ্ঠানের সদস্যসচিব সাবেক ছাত্রনেতা মো. আনিছুর রহমান।
এ ছাড়া জিসাসের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির সদস্য, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সংবর্ধিত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, কৃতি শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য তাদের উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
