মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ স্লোগানে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিন সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, হোটেল ব্যবসায়ী পূরবী বাবুলসহ গণ্যমান্য ব্যক্তিরা। সভায় স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান ।
বক্তারা টাঙ্গাইল একটি সম্ভাবনাময় পর্যটন এলাকা উল্লেখ করে পর্যটন খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। পর্যটনের জন্য একটি সম্ভাবনাময় জেলা এবং টাঙ্গাইলের জিআই পণ্য শাড়ি, চমচম, আনারস, বিভিন্ন ঐতিহাসিক জমিদার বাড়িসহ নানা সবুজ প্রকৃতি সমৃদ্ধ স্থাপনাকে কেন্দ্র করে এখানে পর্যটন বিকাশের সুযোগ রয়েছে। এসব পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতি শক্তিশালীকরণ, কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। একই সঙ্গে জেলার পর্যটন সম্ভাবনা স্থাপনাগুলোতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটন খাতকে আরও আধুনিক ও আকর্ষণীয় করা যেতে পারে।
কর্মসূচিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
