সোমবার | সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্রীবরদীতে গ্যাসের লিকেজে দগ্ধ হয়ে শিক্ষকের মৃত্যু

শ্রীবরদীতে গ্যাসের লিকেজে দগ্ধ হয়ে শিক্ষকের মৃত্যু

শ্রীবরদী (শেরপুর) থেকে তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা : শেরপুরের শ্রীবরদীতে গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে সৌরভ হোসেন হিদনাল (৪৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার বিকেলে উপজেলার হালগড়া গ্রামে নিজ বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন। পারিবারিক সূত্র জানায়, শনিবার বিকেলে সিলিন্ডারের পাইপের লিকেজ মেরামত করে তা পরীক্ষা করতে গ্যাসের চুলা জ্বালান সৌরভ। এ সময় টিনশেড ঘরটি আগে থেকেই গ্যাসে পূর্ণ থাকায় হঠাৎ আগুন ধরে যায়। এতে সৌরভ গুরুতর দগ্ধ হন। প্রথমে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।…

এ ঘটনায় তার স্ত্রী অগ্নিদগ্ধ হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আগুনে সৌরভের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায় বলে দাবি তার পরিবারের। সৌরভ হালগড়া এলাকার স্থানীয় একটি কিন্ডার গার্ডেন স্কুলের পরিচালক ছিলেন। তিনি তিন সন্তানের জনক।

সোমবার সকালে মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা